নুশরাত রুমু, মাইজদী :
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে নোয়াখালী সরকারি কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদল হক। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক ও সাহিত্যিকসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় মানুষদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। শহিদদের আদর্শ ও চিন্তাধারা ধারণ করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।