নুশরাত রুমু, মাইজদী :
মহান বিজয় দিবস-২০২৫ পালন উপলক্ষ্যে মাইজদীতে বিজয় মেলা শুরু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজয় মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার টিএম মোশারফ হোসেনসহ মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা। পুলিশ সুপার বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন বিশেষভাবে সহায়ক ভূমিকা রাখে।
দেশীয় পণ্য, শীতকালীন পিঠাসহ মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। এদিকে, মেলার সময় বৃদ্ধি করার দাবি জানান বিভিন্ন নারী উদ্যোক্তা ও আগতরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে। মেলায় আসতে পেরে আগতরা বেশ খুশি। প্রতিদিন সকাল থেকে রাত আটটা পর্যন্ত এই মেলা খোলা থাকবে।