উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ:
মহান বিজয় দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, বসুরহাট পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও সহযোগী সংগঠন, যুগান্তর স্বজন সমাবেশসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌর জামায়াতের আমীর মোশাররফ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী, নুর নবী ও আবু নাছেরসহ অন্যান্যরা।
এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়, যেখানে বিভিন্ন স্টল ও আয়োজন দর্শনার্থীদের আগ্রহ আকর্ষণ করে।