উপজেলা প্রতিনিধি, চাটখিল :
জেলার চাটখিলে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় সাথে পালিত হয়েছে। দিবসের শুরুতে ৩১ বার ধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। মঙ্গলবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান উপজেলা পরিষদের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
উপজেলার সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ সামাজিক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিনব্যাপী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলো আলোচনা সভা সহ মিছিল করেছে।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার সকালে উপজেলা প্রাঙ্গনে সাত দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন। সকাল ১১টায় অডিটোরিয়ামে প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের ফুল দিয়ে বরন করা হয়।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলী হোসেনের পরিচালনায় সংবর্ধনা সভায় চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, সহকারী কমান্ডার কাজী নজরুল ইসলাম ফারুক, জহিরুল ইসলাম ভূইয়া, সাবেক পৌর মেয়র বিএনপি নেতা মোস্তফা কামাল, বিএনপি নেতা শাহাজাহান রানা, জামায়েত নেতা মাওলানা মহি উদ্দিন হাসান, চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ, ওমর ফারুক, জেএসডি নেতা ফিরোজ আলম সহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।