উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর : সুবর্ণচরে দুটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে টিম ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এ বর্ণিত অপরাধের দায়ে উপজেলার আল্লারদান ব্রিকসকে ১ লক্ষ টাকা এবং মাহিন ব্রিকসকে ১ লক্ষ টাকা করে উভয় ভাটার মালিক পক্ষকে মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলা পরিবেশ অধিদপ্তর ও সুবর্ণচর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যােগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে দিয়ে আগুন নিভিয়ে দেয় প্রশাসন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও বিজ্ঞ ম্যাজিট্রেট ছেনমং রাখাইন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম, চরজব্বার থানা পুলিশ ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে যৌথ অভিযানে মেসার্স আল্লারদান ব্রিকস ও মাহিন ব্রিকস ভেঙে দিয়ে ভাটা পরিচালনায় নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু সে আইন লঙ্ঘন করে ফের চালু করায় আজকের অভিযানে ইটভাটার অর্থদন্ড আদায় করা হয়েছে।
অবৈধ ইটভাটর বিরুদ্ধে অভিযানের বিষয়ে সরকারের নির্দেশনা ও মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানান জেলা পরিবেশ অঅধিপ্তর কর্মকর্তা মিহির লাল সরদার।