মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের অঙ্গ সংগঠন 'ওমেন্স ওয়েলফেয়ার ক্লাব'। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে সোনাইমুড়ী উপজেলার দেউটিতে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজেরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন এ. কে. এম গোলাম কিবরিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক গোলাম মর্তুজা, সোমপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক শাহনাজ আক্তার, বালিয়াধর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ নাজমা আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে দেউটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন বয়সী নারী অংশগ্রহণ করেন। এসময় বক্তারা নারীর অধিকার, নারীর মর্যাদা, নারী শিক্ষা, নারীর ক্ষমতায় ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করেন। বক্তব্য শেষে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে নারীদের সংবর্ধনা দেওয়া শেষে আগতরা সংগঠনের মেম্বারশিপ ফর্ম পূরণ করেন। পরে তাদের মাঝে খাবার৷ বিতরণ করা হয়।
'ওমেন্স ওয়েলফেয়ার ক্লাব' উদ্বোধন শেষে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে পিঠা উৎসবের আয়োজন করা হয়। আশপাশের বিভিন্ন বাড়ি থেকে নানা ধরনের পিঠা তৈরী করে মেলায় স্টল দেয় নারীরা। ফাউন্ডেশনের নেতৃবৃন্দ মেলা পরিদর্শন করেন ও মেলায় পিটু-পুলি আয়োজনে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।