সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
উপজেলা হাতিয়ায় মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা সিমেন্টের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৩৮ হাজার ৯০০ টাকা। শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় একটি বোটে করে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বোঝাই করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৭৭০ বস্তা সিমেন্টসহ দুইজন চারকারীকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন বহদ্দারহাট, ভেওলা মানিক চর, মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) কক্সবাজার সদর, সমিতি পাড়া, ৩ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সফির ছেলে নূর মোহাম্মদ (৫২) কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের সীমান্তবর্তী নদী ও উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”
পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযানের ফলে উপকূলীয় এলাকায় অবৈধ কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে আসছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।