উপজেলা প্রতিনিধি, হাতিয়া : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ার জুলাই আন্দোলনের শহীদ রিজভী ও শহীদ রিটনের ভাইসহ এনসিপির হাতিয়া উপজেলা প্রধান সমন্বয়কারী শামছুল তিব্রিজ প্রমুখ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর হান্নান মাসউদ বলেন, উন্নয়নশীল, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ হাতিয়া গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে হাতিয়ার জনগণের আশা ও গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি। শহীদদের ত্যাগ ও আত্মত্যাগকে পাথেয় করে হাতিয়ার ভবিষ্যৎ নির্মাণের এই ঐতিহাসিক যাত্রায় আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।