তারেক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
সুধারাম মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি অভিযানে কুমিল্লা জেলার পাদুয়ার বাজার বিশ্বরোড সাউথ ফিলিং স্টেশন এর পূর্ব পাশে হাজী বাদশা মিয়া আবাসিক হোটেলের সামনে রাস্তার উপর থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার মোঃ সেলিমকে গ্রেফতার করে। ডাকাত সর্দার সেলিম দেশের বিভিন্ন থানার অন্তত উনিশটি মামলার আসামি।সম্প্রতি পনের ডিসেম্বর রাতে জেলার বিশ নং আন্ডারচরে খান এগ্রো ফার্মে সে ডাকাতির ঘটনা ঘটায় বলে জানা যায়। ডাকাত সর্দার সেলিমের গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী ডাকাত জয়নালকে আন্ডারচর থেকে গ্রেফতার করা হয়।
এই সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত নাম্বার প্লেটবিহীন একটি ক্যাভার্ড ভ্যান, ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ধারালো দা, একটি বড় কাটার, এক কেজি ওজনের মোটা রশি এবং অক্সিজেনের একটি বড় সিলিন্ডার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ক্যাভার্ড ভ্যান পনের ডিসেম্বর আন্ডারচরের ডাকাতির ঘটনায় ব্যবহারের কথা পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানায়। গ্রেফতারকৃত জয়নাল আবেদিনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ডাকাত সর্দার মোঃ সেলিম জেলার হাতিয়া থানার বুড়িরচরের বাসিন্দা, সহযোগী ডাকাত মোঃ জয়নাল আবেদিন জেলার সুধারাম থানার আন্ডারচর এর বাসিন্দা।