নুশরাত রুমু, মাইজদী :
নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে নোয়াখালী সরকারি কলেজে গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৫ জানুয়ারি সকালে ক্যাম্পাসে এই গণ স্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত হয়। সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় অধিকার আদায়ে শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে গণ স্বাক্ষরে অংশগ্রহণ করছে।
নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং সড়ক দুর্ঘটনা ও পরিবহন ভোগান্তি নিরসনে দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের নিজস্ব পরিবহনের দাবি জানিয়ে আসছিলো শিক্ষার্থীরা। সবশেষ গত সেপ্টেম্বর মাসে পরীক্ষা শেষে বাড়িতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কলেজের হিসাববিজ্ঞান বিভাগ ও সমাজবিজ্ঞান বিভাগের দুই শিক্ষার্থী সহ ৬ জন প্রাণ হারান। ভয়াবহ এ দুর্ঘটনার পরে শিক্ষার্থীরা পরিবহনের দাবিতে বিভিন্ন আন্দোলন ও নানা কর্মসূচীর ডাক দেয়। শিক্ষার্থীদের তীব্র দাবির মুখে পরিবহন চালুর সম্ভাব্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ প্রশাসনের পক্ষ থেকে গত ১০ নভেম্বর প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তফা কামালকে আহ্বায়ক ও উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহকে সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়৷ কমিটি গঠনের প্রায় দু’মাস পেরিয়ে গেলেও উক্ত কমিটির কোন তৎপরতা বা কার্যক্রম চোখে না পড়ায় নতুন করে শিক্ষার্থীরা আবারো ভিন্নধর্মী কর্মসূচীতে নেমেছে।
নোসকের নিজস্ব পরিবহন ব্যবস্থার দাবিতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা বলছেন, তারা যেকোনো মূল্যে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় র্যাংকিংয়ে শীর্ষ তৃতীয় স্থানে অবস্থান করা এবং ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্যতম প্রাচীন ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নোয়াখালী সরকারি কলেজ। অথচ এ কলেজের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য নিজস্ব কোন পরিবহন ব্যবস্থা নেই। আমরা দাবি আদায়ে প্রয়োজনে আরো কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।