উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ও রামনগর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটায় ৪টি ট্রাক্টর জব্দ ও ২টি ভেকু যন্ত্র অকেজো করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে রাত দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। খবর পেয়ে মাটি কাটার সাথে জড়িতরা পালিয়ে যায়। এসময় ৪টি ট্রাক্টর ও ২টি ভেকু যন্ত্র অকেজো করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার সিন্দুরপুর ও রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে রাতের আঁধারে ফসলি জমির উপরি-স্তর কর্তনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাটি কাটার সাথে জড়িতদের পাওয়া যায়নি।
এসময় ৪টি ট্রাক্টর জব্দ করা হয়েছে এবং ২টি ভেকু যন্ত্র অকেজো করে দেয়া হয়েছে। তিনি জানান, মাটি কাটার সাথে জড়িতদের তালিকা করার জন্য সংশ্লিষ্ট ইউএলএওদের নির্দেশনা প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে আনসার সদস্যরা সহায়তা করে।