উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
আত্মিক শান্তি ও সত্যের অনুসন্ধানে সনাতন ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হাতিয়া উপজেলার সোনাদিয়া বাংলাবাজার এলাকার যুবক হৃদয় চন্দ্র দাস। নিয়মিত ইউটিউবে বিভিন্ন আলেমের ইসলামী ওয়াজ, কোরআনের তাফসির ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর জীবনকথা শোনার মাধ্যমে তিনি ইসলামের প্রতি গভীরভাবে অনুপ্রাণিত হন।
সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরে এডভোকেট ফজলে আজিম তুহিনের চেম্বারে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোঃ আব্দুল্লাহ। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অনলাইনে ইসলামী বক্তব্য শোনার ফলে ইসলামের শান্তি, শৃঙ্খলা ও মানবিক জীবনব্যবস্থা তাকে গভীরভাবে ভাবতে বাধ্য করে। একপর্যায়ে আত্মিক প্রশান্তির সন্ধানে নিজ ইচ্ছায় তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।
ধর্মান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয় যথাযথ আইনানুগ নিয়মে। এ উপলক্ষে প্রয়োজনীয় হলফনামা ও নোটারি কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে স্থানীয় আলেম, মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নওমুসলিম মোহাম্মদ আব্দুল্লাহ (২৭) সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ বাবুর বাড়ির জগন্নাথ চন্দ্র দাসের ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। তার পরিবারে বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত আলেমগণ বলেন, “আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করতে চান, তার জন্য বিভিন্ন পথ খুলে দেন। আধুনিক যুগে ইউটিউবও দাওয়াতের একটি শক্তিশালী মাধ্যম। আমরা নবাগত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করছি—আল্লাহ যেন তার ঈমানকে দৃঢ় রাখেন।”ইসলাম গ্রহণের পর অনুভূতির কথা জানিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “ওয়াজ শুনতে শুনতে মনে এক ধরনের আলো জ্বলে ওঠে। আজ মনে হচ্ছে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি। হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছি। ইনশাআল্লাহ, আমার পরিবারের সদস্যদেরও ইসলামের পথে আহ্বান জানাব।
এ বিষয়ে এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, স্থানীয় ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে কোর্ট এফিডেভিটের মাধ্যমে সব আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।