উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় মধ্যম চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন গণতন্ত্রের প্রশ্নে আপসহীন একজন রাষ্ট্রনায়ক। তার ত্যাগ ও সংগ্রাম দেশের রাজনীতিতে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ফিরিয়ে আনা সম্ভব। এ লক্ষ্যেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূরুল আলম শিকদার, সিনিয়র সহসভাপতি আহছান উল্যাহ মানিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন বাহার, সিনিয়র সহসভাপতি আব্দুল হক, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান টিপু, সাবেক যুবদল সভাপতি সিরাজ উল্যাহ মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নতুন বাজার জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহীম খলিল।