মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
জেলাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) আসরের নামাজ শেষে জেলা জামে মসজিদে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) জেলা কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম. গিয়াস উদ্দিন খোকন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যে রাষ্ট্রদর্শন ও রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, তা আজও গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার বাতিঘর। একইভাবে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি আরও বলেন, একটি সামাজিক ও মানবিক সেবামূলক সংগঠন হিসেবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ দীর্ঘ ২৬ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনটির আদর্শিক ও সাংগঠনিক কার্যক্রম ভবিষ্যতেও আরও গতিশীল হবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন মানেই দেশপ্রেম, আত্মমর্যাদা ও গণতন্ত্র। এই চেতনাকে ধারণ করেই বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, সাংগঠনিক গতিশীলতা বজায় রাখতে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নেতৃত্ব পুনর্গঠনের কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলা মহানগরসহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটে পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে।
অনুষ্ঠানে জিসপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুলতান আহমেদ পলাশসহ সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।