উপজেলা প্রতিনিধি চাটখিল :
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, সারাদেশে যেভাবে স্বাধীনতা ও অধিকারে পক্ষে জোয়ার সৃষ্টি হয়েছে, বিএনপির পক্ষে যেভাবে জোয়ার সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ আগামীতে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে চাটখিল উপজেলার বাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বরণে শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, তারেক রহমান সাহেব দলের চেয়ারপারসন হয়েছেন, দোয়া করুন, তিনি যেনো তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে পারেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশকে ভালোবাসছেন, দেশের মানুষকে ভালোবাসছেন, এইজন্য তিনি বারবার গ্রেফতার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, তারপরও তিনি দেশ ছেড়ে যাননি, তিনি সব সময় বলতেন, দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা।
এসময় চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, যুগ্ন আহবায়ক আলা উদ্দিন ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ পারভেজ মোজহার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সুলতান বাবর, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা ছাত্রদল নেতা সাহাদাত হোসেন মুরাদ ও রিয়াজ খন্দকারসহ অনেকেই উপস্থিত ছিলেন।