ফেনী প্রতিনিধি :
ফেনীতে অস্বচ্ছল গৃহহীন আনসার-ভিডিপি সদস্যা মোছা: রহিমা খাতুনকে গৃহ প্রদান করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ফেনী জেলার সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের দলনেত্রী মোছা: রহিমা খাতুনকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মানবিক কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ১টি ঘর নির্মাণের পর টেলিকনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনী জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন উপস্থিত থেকে গৃহ নির্মাণ করে অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি দলনেত্রী মোছাঃ রহিমা আক্তারের নিকট হস্তান্তর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার আভি কর্মকর্তা শামীম আরা খাতুন, উপজেলা প্রশিক্ষক ওমর ফারুকসহ আনসার ও ভিডিপি সদস্য সদস্যাগণ।
জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান মহাপরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকে বাহিনীর সার্বিক উন্নয়ন এবং সদস্যদের আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নানামুখী উদ্যোগ গ্রহণ করছেন, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অস্বচ্ছল ও গৃহহীন ভিডিপি সদস্যদের জন্য গৃহ নির্মাণ ও বিতরণ কার্যক্রম।
জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন বলেন, এই উদ্যোগ শুধু একটি ঘর প্রদান নয়, বরং আত্মমর্যাদা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের পথে ভিডিপি সদস্যদের এগিয়ে নেওয়ার এক মানবিক পদক্ষেপ এবং এই কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে। নতুন ঘর পেয়ে ভিডিপি দলনেত্রী মোছাঃ রহিমা আক্তার বাহিনীর মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।