স্টাফ রিপোর্টার :
সদর উপজেলায় ডাকাতির সময় সংঘটিত গণধর্ষণের ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত ইউসুফ ওরফে রুবেল (৩৭)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরগাজী ইউনিয়নের ৯ নং কামড়াকামড়ি ওয়ার্ডের চরলক্ষী গ্রামের আব্দুল হালিমের ছেলে।
১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। গত সোমবার বিকেলে সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র্যাব-৭ (সিপিএসসি) পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত বছরের ১১ জানুয়ারি রাত ২টার সময় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ছায়া তদন্তের মাধ্যমে অনুসন্ধান করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে র্যাব অপর আসামি ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করে।
নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।