উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর আলা উদ্দিন গ্রামের অসহায় বিধবা ফাতেমা খাতুনের মানবেতর জীবনযাপনের করুণ চিত্র তুলে ধরে স্থানীয় আঞ্চলিক গণমাধ্যম “প্রতিদিনের সুবর্ণচর”-এ সংবাদ প্রকাশের পর দ্রুত মানবিক উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
সংবাদ প্রকাশের বিষয়টি নজরে আসার পর সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকিব ওসমান নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিধবা ফাতেমা খাতুনের খোঁজখবর নেন। এ সময় তিনি তার সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন এবং শীত নিবারণের জন্য একটি কম্বলসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী প্রদান করেন।
ইউএনও আকিব ওসমান এ সময় ফাতেমা খাতুনকে আশ্বস্ত করে বলেন, সরকারিভাবে কোনো ঘর নির্মাণ প্রকল্প এলে তাকে অগ্রাধিকার ভিত্তিতে একটি টেকসই ও বসবাসের উপযোগী ঘর নির্মাণ করে দেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে তাকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
ফাতেমা খাতুন ইউএনওর এমন মানবিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপজেলা প্রশাসন ও সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “সংবাদ না হলে আমার কষ্টের কথা কেউ জানত না। এখন অন্তত একটু আশার আলো দেখছি।”
ইউএনওর এই মানবিক উদ্যোগে এলাকাবাসীর মাঝে সন্তোষ ও স্বস্তির অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়ায় একজন অসহায় নারী তাৎক্ষণিক সহায়তা পেয়েছেন, যা সমাজে মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এলাকাবাসী আরও বলেন, এ ধরনের সংবাদ ও প্রশাসনিক তৎপরতা সমাজের অন্যান্য বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।