উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুরে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে বিলীন হচ্ছে জনপদ। বালু দস্যুদের বেপরোয়া কর্মকাণ্ডে দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের হাজার হাজার মানুষ।
বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বৃহস্পতিবার সকালে মুছাপুর ৭নং ওয়ার্ড ও চর দরবেশ এলাকায় এক বিশাল মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদী থেকে ড্রেজার বসিয়ে বালু লুট করছে। বালু বহনে ব্যবহৃত বাল্কহেডগুলোর প্রচণ্ড ঢেউয়ে নদীর দুই কূলে ভয়াবহ ধস নামছে। প্রতিদিন নতুন নতুন এলাকা বিলীন হওয়ায় নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছে অনেক পরিবার। নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক ও কৃষিজমি।
মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, বালু উত্তোলন বন্ধে বার বার দাবি জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বালু উত্তোলনের ফলে মুছাপুর ও চর দরবেশ এলাকার মানচিত্র বদলে যাচ্ছে। এখনই ব্যবস্থা না নিলে পুরো ইউনিয়ন নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সমাবেশ থেকে স্থানীয়রা অবিলম্বে বালু উত্তোলন বন্ধ এবং এই চক্রের হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় তারা আরও বড় ধরনের গণআন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।