উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জের বসুরহাটে এক বৃদ্ধাকে জোরপূর্বক চলন্ত সিএনজি অটোরিকশায় তুলে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দুপুরে বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সাহাব উদ্দিনের চায়ের দোকানের সামনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার নূর জাহান (৭০) মুছাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত আবুল হাসেমের স্ত্রী। ঘটনার পর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে আতঙ্কিত অবস্থায় রয়েছেন।
তিনি লিখিত অভিযোগে তিনি জানান, চোখের চিকিৎসা শেষে বসুরহাট সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন সাহাব উদ্দিনের চায়ের দোকানের সামনে নাস্তা করছিলেন। নাস্তা শেষে দোকানদারকে টাকা দেওয়ার অপেক্ষায় থাকা অবস্থায় অজ্ঞাত ৪ জন ছিনতাইকারী একটি সিএনজি নিয়ে এসে তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়।
চলন্ত সিএনজিতে তাঁর হাতে একটি নকল স্বর্ণের বার ধরিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তাঁর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা) ছিনিয়ে নেওয়া হয়। পরে বসুরহাট বাইপাস রোডের পাশে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগীর ছেলে আবুল কালাম জানান, আমার মায়ের শারীরিক অসুস্থতা ও ঘটনার আকস্মিকতার কারণে কিছুটা বিলম্বে ৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। মা এখনো শঙ্কিত ও অসুস্থ অবস্থায় আছেন।
কোম্পানীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিমল কর্মকার বলেন, “এক মহিলা ছিনতাইয়ের একটা অভিযোগ নিয়ে এসেছে। আমরা বিষয়টা খতিয়ে দেখছি।” তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি।