উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়ান্নই জনকল্যাণ সংস্থা মেধাবৃত্তি-২০২৫ এর বৃত্তি প্রাপ্ত ৯৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বাঁধেরহাট আবদুল মালেক কলেজের বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্যাহ মিলনায়তনে সদর উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নোয়ান্নই জনকল্যাণ সংস্থা আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এসময় নোয়ান্নই জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ হারুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অফিসার জসিম উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ইসমাইল হোসেন বাবুল, শিবপুর মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক আ.ফ.ম ঈসমাঈল শিবলি, নোয়ান্নই জনকল্যাণ সংস্থা মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক লুৎফুর রহমান ভূঁইয়া ও উপ পরীক্ষা নিয়ন্ত্রক ফারুক হোসেন বকুল।
এছাড়াও আরও বক্তব্য রাখেন নোয়ান্নই জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন রহিম, গোরাপুর মাদ্রাসার সহ সভাপতি হোসনে এলাহী শাকি, সংগঠনের সহ সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক মো. রাসেল, এটিও কবির হোসেন ও সদস্য ইকবাল হোসেন রাশেদ সহ আরো অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের যথাযথ পরিচর্যা ও উৎসাহ প্রদান করলে দেশ ও জাতি উপকৃত হবে।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা। অনুষ্ঠান শেষে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকগণ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে বলে মন্তব্য করেন।
জানা যায়, ২০২৫ সালের ১ নভেম্বর মেধাবৃত্তি পরীক্ষা জেলা শহরের মাইজদী আল ফারুক স্কুল এন্ড কলেজ এবং নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। প্রথমবারের এই বৃত্তি পরীক্ষা ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ৯৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তিন ক্যাটাগরিতে মোট ৯৬ জনকে বৃত্তির জন্য নির্ধারণ করা হয়। যার মধ্যে ট্যালেন্টপুলে ২০ জন ও বিদ্যালয় ভিত্তিক সাধারণ ক্যাটাগরিতে ৪৪ জন।
উল্লেখ্য, নোয়ান্নই জনকল্যাণ সংস্থা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়ে আত্ম মানবতার সেবায় কাজ করে চলেছে। সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা ও অনুদান এবং বিত্তশালীদের এককালীন অনুদান সংস্থায় আয়ের মূল উৎস।