কোম্পানীগঞ্জ উপজেলা সংবাদদাতা
কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে ১৩৩ পিস ইয়াবা ও নগদ টাকাসহ মোতাহার হোসেন রিয়াদ (৪০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে তাকে নোয়াখালী জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিয়াদ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আবুল হাশেম মাঝির ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার ও এসআই মো. মহসিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল মুছাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রিয়াদের দেহ তল্লাশি করে ১৩৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, গ্রেফতারকৃত রিয়াদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা (নং-১৯(১)২৬) দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।