মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সেনবাগ উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে কাবিলপুর, মোহাম্মদপুর, বিজবাগ, নবীপুরসহ বিভিন্ন ইউনিয়নে এই মহড়া অনুষ্ঠিত হয়। যৌথ বাহিনীর এই মহড়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি করেছে।
সেনবাগ সেনাক্যাম্প কমান্ডার হৃদয় বিশ্বাস জানান, যৌথবাহিনীর এই মহড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এবং ভোটাররা যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “ভোট শেষ না হওয়া পর্যন্ত যৌথ বাহিনী মাঠে থেকে নিয়মিত টহল অব্যাহত রাখবে। ভোটে কেউ যেন কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আমরা সতর্ক থাকব। একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আমরা সমন্বিতভাবে কাজ করছি।”
অপরদিকে সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, “সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সেনবাগ উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে চার প্রার্থী ও তাদের সমর্থকদের কাছ থেকে ৪১ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আচরণবিধি প্রতিপালনের জন্য দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।”
যৌথ মহড়ায় উপস্থিত সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার বলেন, “নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে থানা পুলিশ সার্বক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করছে।”