সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাটে সড়কে দুর্ঘটনায় ছকিনা খাতুন (৬১) নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছকিনা খাতুন উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের বাসিন্দা। তিনি মুকসুদ আহম্মদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতিতে আসা একটি অজ্ঞাত সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই ঘাতক সিএনজি পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে কবিরহাট থানা পুলিশ।