মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
নোয়াখালী-১ (সোনাইমুড়ী–চাটখিল) সংসদীয় আসনের সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর অতর্কিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া সালেহ আহমদ কেরানী বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীরা নির্বাচনী গণসংযোগ শেষে শান্তিপূর্ণভাবে ফিরে যাচ্ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচবাড়িয়া এলাকায় গণসংযোগ শেষ করে ফেরার পথে একই গ্রামের বিএনপি কর্মী শিমুলের নেতৃত্বে মাহবুবুল হক, হালিম, জাবেদ, গোলাম মুর্তজা ও রাসেলসহ ১০-১৫ জনের একটি দল দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর হামলা চালায়।
এ হামলায় পাঁচবাড়িয়া ওয়ার্ড দাঁড়িপাল্লা প্রতীকের সভাপতি মনির হোসেন, কর্মী শিহাবসহ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট মো. শাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধি চরমভাবে লঙ্ঘন করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তিনি অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
লিখিত অভিযোগে সাক্ষী হিসেবে ২নং নদনা ইউনিয়নের সভাপতি মো. দেলোয়ার হোসেন স্বপন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সুমন ও শ্রমিক কল্যাণ নেতা আলমগীরের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।