উপজেলা প্রতিনিধি, সদর :
জিলা স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আবুল কাশেম বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সারোয়ার উদ্দীন এবং জেলা শিক্ষা অফিসার নুরউদ্দিন মো. জাহাঙ্গীর। প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের কয়েকটি ভবন ঝুঁকিপূর্ণ, চলমান নির্মাণ কাজ ধীরগতিতে চলছে। সীমানা প্রাচীর নষ্ট হওয়ায় নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
বিদ্যালয়ে শিক্ষক ও অফিস সহকারী পর খালির কারণে নানা সংকট এবং দক্ষিণ পাশে পৌরবাজারের ময়লার ভাগাড়ের দুর্গন্ধ, গেইটের সামনে যানজট এবং জনসমাবেশের কারণে পাঠদান প্রভাবিত হচ্ছে। এছাড়া আধুনিক অডিটোরিয়াম নির্মাণের প্রয়োজনীয়তাও তিনি উল্লেখ করেন।
প্রধান অতিথি সচিব ড. মো. আবু ইউসুফ শিক্ষার্থীদের কুমিল্লা বোর্ডে সেরা ফলাফল অর্জনের জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সারোয়ার উদ্দীন বিদ্যালয়ের অবকাঠামো সংস্কার, ময়লা অপসারণ ও যানজট সমাধানে নজর দেওয়ার আশ্বাস দেন। সচিব আরও বলেন, শিক্ষক সংকট একটি জাতীয় সমস্যা, যা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।
এই বিদ্যালয় শতভাগ পাস এবং ক্রীড়া ও শিক্ষামূলক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার দীর্ঘ ঐতিহ্য বজায় রেখেছে। তবে প্রধান শিক্ষকের উদ্বেগ স্কুলের নিরাপত্তা ও পাঠদানের উন্নয়নের জন্য বড় বাধা হয়ে উঠবে।