সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দী ইউনিয়নে গভীর রাতে এক ছাত্রদল নেতার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিলে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজন।
স্থানীয় সূত্রে জানা যায়, নলেরচর গ্রামে নিজ বাড়িতে ইয়াসিন আলী সুজনের বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে তারা দরজায় বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরের মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত ইয়াসিন আলী সুজন দাবি করেন, তার বাবা ঘরে না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। তিনি এটিকে পরিকল্পিত হামলা উল্লেখ করে বলেন, একটি অভিযোগের বিষয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার জের ধরে তার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় ধারাবাহিক সহিংস ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক। তিনি এ ধরনের আগুন সন্ত্রাসের নিন্দা জানান।
অন্যদিকে, হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন এবং খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।