মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নুল আবদিন ফারুকএর স্ত্রী কানিজ ফাতেমা (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমপি জয়নুল আবদিন ফারুক নিজেই নিশ্চিত করেন।
প্রথম জানাজা আজ বুধবার বাদ যোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাড়ির সামনে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের এমপি ভিলায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, কানিজ ফাতেমা গত ১৭ ফেব্রুয়ারি থেকে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতাল আইসিইউতে ভর্তি ছিলেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকাল ১০টা ৪০ মিনিটে তিনি পরলোকগমন করেন।
মরহুমার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।