উপজেলা প্রতিনিধি, সদর :
মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন উপপরিচালকের কার্যালয়, মাইজদী থেকে পরিচালিত ‘জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ’ শীর্ষক কর্মসূচির আওতায় এপ্রিল ২০২৬ থেকে জুন ২০২৬ পর্যন্ত তিন মাস মেয়াদি প্রশিক্ষণে নারী প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।
এ প্রশিক্ষণে মোট পাঁচটি ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হবে। ট্রেডগুলো হলো শো-পিস ও হ্যান্ডিক্রাফট, ব্লক-বাটিক ও প্রিন্টিং, ড্রেস মেকিং ও টেইলারিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন এবং মোবাইল ফোন সার্ভিসিং। নির্ধারিত শর্ত সাপেক্ষে প্রশিক্ষণার্থীদের ভর্তি করা হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মার্চ ২০২৬ তারিখের মধ্যে myGov ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্রের হার্ডকপি অফিস সময়ের মধ্যে মাইজদীতে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবেদনকারীকে নোয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। প্রার্থীর বয়স ১৬ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারভুক্ত, তালাকপ্রাপ্ত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী, নারী পরিবারের প্রধান, দুঃস্থ ও অসহায় এবং নির্যাতিত ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে নিবন্ধিত জন্মসনদের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। কোনো প্রকার অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। অধ্যয়নরত কোনো ছাত্রী এই প্রশিক্ষণে আবেদন করতে পারবে না।
এর আগে একই কার্যালয় থেকে প্রশিক্ষণ গ্রহণকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ নির্বাচিতদের নির্ধারিত শিফটে প্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক করেছে।