উপজেলা প্রতিনিধি, সদর :
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রতিবাদে মাইজদীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাসদ (মার্কসবাদী)।
রবিবার (১ মার্চ) মাইজদী সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ (মার্কসবাদী) নোয়াখালী জেলা সমন্বয়ক কমরেড বিটুল তালুকদার। বক্তব্য রাখেন দলের জেলা সদস্য আনোয়ারুল হক পলাশ।
বক্তারা বলেন, “ইরানের ওপর বিনা উস্কানিতে সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ সামরিক হামলা আন্তর্জাতিক সভ্যতা, মানবাধিকার ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দিয়ে আসছিলেন, যার ধারাবাহিকতায় এ আগ্রাসন সংঘটিত হয়েছে।”
তারা আরও বলেন, “ইরানের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবলমাত্র ইরান-এর জনগণের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসকগোষ্ঠীর সে বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এই হামলা ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর নগ্ন আগ্রাসনের শামিল।”
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধোন্মাদনা সৃষ্টি করছে। ভেনেজুয়েলা-র ওপর আগ্রাসী তৎপরতা ও কিউবা-র বিরুদ্ধে ধারাবাহিক হুমকির ধারাবাহিকতায় ইরানের ওপর এই হামলা মধ্যপ্রাচ্যসহ বিশ্বকে ভয়াবহ যুদ্ধের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে।
সভা থেকে বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী ও যুদ্ধবিরোধী জনগণকে ইরানের ওপর সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ সরকারকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক আক্রমণের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার দাবি জানানো হয়।