উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে পাঁচজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (২ মার্চ) দত্তের হাট, মহাব্বতপুর, সোনাপুর ও বাল্ডিংটন মোড়সহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হালিম বেপারী বাড়ির মৃত আলী আহমদের ছেলে মো. সুমন (৪৪), ৬ নম্বর ওয়ার্ডের দত্তেরহাট এলাকার আবুল কালামের ছেলে মো. রাজু (৩২), একই ওয়ার্ডের ছিদ্দিক মিয়ার বাড়ির মৃত বোরহান মিয়ার ছেলে মো. ইয়াছিন (৪০), ৭ নম্বর ওয়ার্ডের মশু চৌধুরী বাড়ির মকবুল হোসেনের ছেলে মো. রাব্বী (২৮) এবং অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে আনোয়ার হোসেন (২৯)।
অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন, মোছা. কাউসারী আক্তার, এস এম জাহিদা আক্তার মৌসুমি ও মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পবিত্র রমজান মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।