উপজেলা প্রতিনিধি, সদর :
রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ মার্চ) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পুলিশ সুপার ব্যবসায়ীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠানসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে বাজার ও শপিং এলাকায় নজরদারি বৃদ্ধি এবং সকলকে ঐক্যবদ্ধভাবে নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ ও জরুরি তথ্য প্রদান এবং আইনগত সেবা গ্রহণের জন্য জেলা পুলিশের কন্ট্রোল রুমে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানান।
পরবর্তীতে সভায় সড়ক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং ঈদকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ জেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ।