উপজেলা প্রতিনিধি, সদর :
জেলার সার্বিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন এবং মাদক নির্মূল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।
সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। খাল পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি, জলাবদ্ধতা নিরসনে করণীয় পদক্ষেপ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রধান অতিথি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি নোয়াখালীকে একটি পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা প্রয়োজন। এজন্য তিনি সংশ্লিষ্ট সকল দপ্তরকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।