উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) জেলা শহরের নিকটস্থ নোয়া কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রায় এক হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহবুব (এমএসসি)। পরে শুভেচ্ছা বক্তব্য দেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আরমান ও ফখরুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার নুর উদ্দিন জাহাঙ্গীর। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
আয়োজকরা জানান, চলতি বছরে ফাউন্ডেশন থেকে ১১৮ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ২৮২ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়েছে। এতে মোট প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা নগদ অর্থ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।