উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদী সুপার মার্কেটে জামা পরিবর্তন করতে গিয়ে এক ক্রেতা দম্পতির ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) রাতে ঈদের বাজার করার উদ্দেশ্যে এক নারী তার স্বামীকে সঙ্গে নিয়ে সুপার মার্কেটের ৪র্থ তলায় অবস্থিত ‘সিরাহ বুটিক্স’ থেকে নিজের জন্য এবং তার বোনের জন্য দুটি জামা ক্রয় করেন। সেলসম্যান জানান, জামা পছন্দ না হলে পরে পরিবর্তন করা যাবে। পরে দামাদামি করে এক হাজার টাকা ছাড় নিয়ে জামা দুটি কেনা হয়।
পরদিন (১১ মার্চ) দুপুর আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে জামার রং পছন্দ না হওয়ায় ওই নারী তার স্বামী ও বোনকে সঙ্গে নিয়ে দোকানে গেলে কর্তৃপক্ষ জামা পরিবর্তন করতে অস্বীকৃতি জানিয়ে পুরো মূল্য দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের কয়েকজন কর্মচারী উত্তেজিত হয়ে অশালীন আচরণ শুরু করে।
ভুক্তভোগীর স্বামী মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে দোকানের কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালায়। তারা মোবাইল ছিনিয়ে নিয়ে ভিডিও মুছে ফেলে এবং মোবাইল ভেঙে দেয়। নারী ও তার বোন বাধা দিতে গেলে তাদেরও মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে দোকান থেকে বের করে দেওয়া হয়।
ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার সত্যতা মার্কেট ও দোকানের সিসি ক্যামেরার ফুটেজে পাওয়া যাবে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।