দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে দাগনভূঞা পৌরসভার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় ইউএনও ও স্বাস্থ্য কর্মকর্তা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। জনসাধারণসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করে মশার প্রকোপ কমানো পর্যন্ত নিজ নিজ কর্মক্ষেত্র, বাসস্থান ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
র্যালিতে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও কর্মচারীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।