উপজেলা প্রতিনিধি, সদর :
নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং সংসদে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান বলেছেন, রোগীর চিকিৎসা দেবেন ডাক্তার, কিন্তু মানুষের হায়াত-মউত আল্লাহর হাতে। তাই কোথাও কোনো হাসপাতালে রোগী মারা গেলে মব সৃষ্টি বা বিশৃঙ্খলা করা যাবে না।
শুক্রবার (১৩ মার্চ) নোয়াখালীতে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা খাতের মানোন্নয়ন এবং রোগীদের সঠিক সেবা নিশ্চিত করতে নবগঠিত এ কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. সহিদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন রশিদ আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।
এ সময় জেলা বিএনপির সদস্য ব্যবসায়ী শহিদুল ইসলাম কিরণ, ড্যাবের সভাপতি ডা. সাইফুল ইসলাম, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি ডা. সোহরাব ফারুকী এবং প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নতুন সদস্য সচিব মিজানুর রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।