দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা বাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন আঙ্গিকে দি জাফরান ডাইন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে বুধবার (১৮ মার্চ) বিকেলে বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত জাফরান ডাইন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলা উদ্দিন আলোর সভাপতিত্বে ও মোহাম্মদ আলা উদ্দিন মিস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক রিপন, উপজেলা জামায়াতের সাবেক আমীর এএসএম নূর নবী দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, পৌর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পরপরই বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামরুল আহসান।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, গ্রাহকদের জন্য আরামদায়ক আবাসন এবং উন্নত পরিষেবা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। আধুনিক ইন্টেরিয়র, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থার সমন্বয়ে দি জাফরান ডাইন রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হল নতুন ঠিকানা হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এই নতুন সংযোজন দাগনভূঞার বাণিজ্য খাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের।