উপজেলা প্রতিনিধি, সদর : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ৮টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে অংশগ্রহণ করেন পুলিশ সুপার টি.এম. মোশাররফ হোসেনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং স্থানীয় মুসল্লিরাও নামাজে শরিক হন। উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান পূর্ণ হয়ে ওঠে।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি সমাজে শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। পরে পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা, সদস্য ও মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।