মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাতের প্রভাবে বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, এই পরিস্থিতির কারণে বৈদেশিক রেমিটেন্স প্রবাহ কমে যেতে পারে এবং দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে বেকারত্ব বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার ঝুঁকিও তৈরি হতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নোয়াখালীর চাষীরহাট নিউ মার্কেট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সম্ভাব্য এই সংকট মোকাবেলায় গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিকল্প নেই। এ জন্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ বিষয়ে শিগগিরই সরকারের কাছে লিখিত প্রস্তাবনা উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
এদিন চাষীরহাট ইউনিয়নের কুমিল্লা-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন এলাকায় গ্রামীণ পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত একটি নতুন মার্কেট উদ্বোধন করা হয়।
চাষীরহাট উন্নয়ন পরিষদের সভাপতি মহীউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য নুরুল হক মেম্বার, কানাডাপ্রবাসী শামসুদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মফিজ উল্লাহ, বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সমাজসেবক সিরাজুল ইসলাম ও শাখায়ত হোসেন সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনের আগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা চাষীরহাট ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
বাদ মাগরিব দোয়া-মোনাজাতের পর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করা হয়। পরে উপস্থিত ক্রেতা-বিক্রেতা ও এলাকাবাসীর মাঝে খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়।
উদ্বোধন উপলক্ষে বাজারজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন দোকানে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমাহার দেখা যায়। এর মধ্যে ছিল মুদি সামগ্রী, হোটেল-রেস্টুরেন্ট, মিষ্টান্ন, ফুচকা-চটপটি, মাছ-মাংস-মুরগি, ফলমূল, কাপড়-জুতা ও ইলেকট্রনিক পণ্য।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই মার্কেট চাষীরহাট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে।