মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলায় সশস্ত্র হামলায় রিপন নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মোঃ জাবেদ মোল্লার বাড়িতে হেলমেট ও মুখোশ পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী হামলা চালায়। তারা জাবেদ মোল্লাকে খুঁজতে গিয়ে বাড়ির সদস্যদের হুমকি-ধামকি দেয়। পরে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর পাশের চানমিয়া ব্যাপারী বাড়ির সামনের মোড়ে গুলির ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে এগিয়ে গেলে রিপন গুলিবিদ্ধ হন। তার বাম পায়ে দুটি স্থানে গুলি লাগে। ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
আহত রিপন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, প্রায় ১২ জনের একটি সশস্ত্র দল একটি সিএনজি ও দুটি মোটরসাইকেলে করে এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে জাবেদ মোল্লার বাড়িতে গিয়ে তাকে খোঁজাখুঁজি করে এবং না পেয়ে হুমকি দেয়। পরে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে গুলির ঘটনা ঘটে এবং তিনি আহত হন।
জাবেদ মোল্লা অভিযোগ করেন, হামলাকারীরা তাকে না পেয়ে তার স্ত্রী ও মেয়েকে ভয়ভীতি দেখায় এবং মোবাইল ফোনে যোগাযোগ করে অবস্থান জানতে চায়। তিনি বলেন, পূর্বের একটি বিরোধের জেরে এই হামলা হতে পারে।
পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবু জানান, ফসলি জমির মাটি বিক্রি সংক্রান্ত বিরোধ নিয়ে দেওটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাসেদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিষয়টি মীমাংসার চেষ্টা হলেও তা সফল হয়নি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত রাসেদ তার সম্পৃক্ততা অস্বীকার করে বলেন, এ ঘটনায় তিনি জড়িত নন এবং বিষয়টি নিয়ে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।