উপজেলা প্রতিনিধি, সদর :
দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে মাইজদী সদর হাসপাতাল সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। পৌরসভার প্রশাসক মিজ ফেরদৌসী বেগম-এর নির্দেশে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) থেকে এই সংস্কার কার্যক্রম শুরু হয়। মাইজদী সদর হাসপাতাল রোডটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও গর্তে ভরা থাকায় রোগী, স্বজন এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে হাসপাতালে যাতায়াতকারী রোগী ও অ্যাম্বুলেন্স চলাচলে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছিল প্রতিবন্ধকতা। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে।
এ অবস্থায় সড়কটির জরুরি সংস্কারের দাবিতে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও প্রত্যাশা ছিল। অবশেষে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে উন্নয়ন কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। সংস্কার কাজের পরিদর্শনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ খাঁন এবং উপ-সহকারী প্রকৌশলী আলী হায়দার-সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাগণ বলেন , কাজ শুরু হওয়ায় তারা আশাবাদী হলেও সংস্কার কাজ যেন টেকসই ও মানসম্মত হয়—এটাই তাদের প্রধান প্রত্যাশা। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কাজের গুণগত মান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের দুর্ভোগ লাঘব করাই তাদের লক্ষ্য।