উপজেলা প্রতিনিধি, সদর :
সদর শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় নোয়াখালী শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামসুল ইসলাম।
উদ্বোধনের পর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সংগঠনের পতাকা উত্তোলন করেন শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সভাপতি এবিএম আবদুল আলীম। জাতীয় সংগীত পরিবেশন করেন সুজিত কুমার কর্মকার, সীমা মজুমদার, রুমা মজুমদার, মমতা রায়, টুম্পা চক্রবর্তী, শুক্লা মজুমদার ও আবুল বাশার। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা সম্মেলন কক্ষে আসন গ্রহণ করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, নোয়াখালী শাখার সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ আলমগীর। এছাড়া সদর শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিলের সহ সভাপতি টিপু সুলতান, উপদেষ্টা হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক উত্তম রায়। সম্মেলনে কল্যাণ তহবিলের সদস্যসহ সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। উল্লেখ্য, শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। এর রূপকার ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সিদ্দিকুর রহমান। বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকরি-পরবর্তী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়।