কবিরহাট থেকে মাইজদী সদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যাতায়াতের পথ। যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ অফিস-আদালত, স্কুল-কলেজে যাতায়াত করে। তাছাড়া মাইজদী সদরে হওয়ায় সেখানে-অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যার ফলে প্রতিনিয়তই মানুষকে মাইজদীতে যাতায়াত করতে হয়। কিন্তু এই রাস্তায় যাতায়াতের একমাত্র মাধ্যম সিএনজি হওয়ায় সাধারণ জীবনযাপন করা মানুষদের গুণতে হয় প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ভাড়া। যা অল্প আয়ের খেটে-খাওয়া মানুষ ও শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতে কবিরহাট থেকে মাইজদী পর্যন্ত বাস চলাচল চালুর জন্য স্থায়ীভাবে উদ্যোগ নেওয়া হলেও মালিক-শ্রমিক সমিতি এবং কতিপয় অসাধু রাজনৈতিক নেতার হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়। বর্তমানে কবিরহাট থেকে ফেনী পর্যন্ত বাস চলাচল করছে। এখন তা বর্ধিত করে জেলা শহর মাইজদী পর্যন্ত চালু করা হলে শিক্ষার্থী ও সাধারণ জনগণ ব্যাপকভাবে উপকৃত হবে। তাই কবিরহাট থেকে মাইজদী পর্যন্ত বাস সার্ভিস চালু করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শহীদ মুনতাসীর
শিক্ষার্থী; মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়