উপজেলা প্রতিনিধি, হাতিয়া :
হাতিয়া উপজেলার মাইজদী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষিকাকে অপদস্থের অভিযোগে নিশান নামে এক যুবকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সোনাদিয়া ইউনিয়নের মাইজদী বাজার এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। এ সময় অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়।
জানা যায়, প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এলে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তি এক শিক্ষিকাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভে নামেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহম্মদ উল্ল্যাহ বলেন, শিক্ষার্থী নির্যাতন ও শিক্ষিকাকে অপদস্থ করার অভিযোগে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখছে। এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।