উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে চাঁদাবাজি ও দখলদারিত্বের মিথ্যা অভিযোগ এবং অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এএইচএম আজিজ আজমীর। বুধবার (২৯ এপ্রিল) এক লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি এই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে আজিজ আজমীর অভিযোগ করেন, একটি কুচক্রী মহল তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, "আমি ২০১০ সাল থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সম্প্রতি ‘Man Bangladeshi’ নামের একটি ফেক আইডি থেকে আমার বিরুদ্ধে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলামের নাম ভাঙিয়ে ঠিকাদারি কাজে অর্থ আদায় এবং শান্তিহাটে মার্কেট দখলের যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।"
তিনি আরও বলেন, "রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে চরিত্রহনন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শান্তিহাটে আওয়ামী লীগ কর্মীকে পুনর্বাসন কিংবা কোনো বাজার দখল করে মাসিক ভাড়া আদায়ের অভিযোগের একবিন্দু সত্যতা নেই। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করব, আপনারা নিরপেক্ষ অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরুন।"
আজিজ আজমীর ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজনৈতিক ষড়যন্ত্র রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। তিনি অবিলম্বে এই ফেক আইডি পরিচালনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।