স্টাফ রিপোর্টার :
চাটখিল উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উষা রাণী মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে। দীর্ঘদিন একই বিদ্যালয়ে কর্মরত থেকে ভর্তি বাণিজ্য, অতিরিক্ত ফি আদায়, কমিটি গঠনে অনিয়ম, ক্লাসে অনুপস্থিতি, শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রে গাফিলতি এবং বিদ্যালয়ের কর্মচারীদের ব্যক্তিগত কাজে ব্যবহারসহ নানা অভিযোগ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
অভিযোগে জানা যায়, প্রধান শিক্ষিকা প্রায় ২৬ বছর ধরে একই বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন। এ সময়ের মধ্যে প্রশাসনিক নানা অনিয়ম, স্বজনপ্রীতি ও একক কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ ওঠে। এতে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানটির সুনামও ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন অভিভাবকরা।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, ভর্তি মৌসুমে অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ এবং বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় উদাসীনতার কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত নাসিমা হাবীব বলেন, অভিযোগপত্র অফিসে জমা পড়েছে কি না তা রেকর্ড দেখে নিশ্চিত হতে হবে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।