উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : কোম্পানীগঞ্জে দক্ষ জনশক্তি ও স্মার্ট তরুণ প্রজন্ম গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘হানিফ আমেরিকান আইটি সেন্টার’-এর উদ্যোগে ৬ মাস ব্যাপী ফ্রি ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ উপজেলার মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই পরীক্ষা সম্পন্ন হয়। সাবেক নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক ওমর আলী রাজ-এর সার্বিক পৃষ্ঠপোষকতায় এই ব্যতিক্রমী প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘মানুষ মানুষের জন্য স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক আজই’—এই স্লোগানকে সামনে রেখে গত ৬ মাস ধরে স্থানীয় তরুণ-তরুণীদের বিনামূল্যে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ও বেসিক কম্পিউটার কোর্সের ওপর নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব দূর করতেই ওমর আলী রাজ এই মহতী প্রকল্পের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন।
আয়োজকরা জানান, প্রথম ব্যাচে প্রায় ৪০০ জন শিক্ষার্থী সফলভাবে এই দীর্ঘমেয়াদী কোর্সটি সম্পন্ন করে আজকের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সুধী সমাজ। পরিদর্শনকালে অতিথিবৃন্দ বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ফ্রিল্যান্সিং একটি সম্ভাবনাময় খাত। এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা কোনো খরচ ছাড়াই আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সুযোগ পাচ্ছে। সমাজসেবক ওমর আলী রাজ-এর এই উদ্যোগকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন।
হানিফ আমেরিকান আইটি সেন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ মাসের এই নিবিড় প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা এখন আন্তর্জাতিক বাজারে ফ্রিল্যান্সিং করার জন্য প্রস্তুত। প্রথম ব্যাচের সফল সমাপনীর পর ইতিমধ্যে পরবর্তী ব্যাচের কার্যক্রম শুরু হয়েছে।