মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার : সোনাইমুড়ীতে কৃষকের গোলা থেকে সরাসরি সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ শুরু হয়েছে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
বুধবার (১২ মে) সকাল ১১টার দিকে সোনাইমুড়ী খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহরিন আকতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম সিদ্দিকী। সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবেন এবং খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা তাদের উৎপাদিত ধানের সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছিলেন। এবার সরাসরি কৃষকের গোলা থেকে ধান সংগ্রহের ফলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি সরকারের খাদ্য মজুত ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে।
অনুষ্ঠানের আয়োজন করেন সোনাইমুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল হোসেন। এ সময় সাংবাদিক খোরশেদ আলম গুলজার হানিফ , ও জসিম উদ্দিন রাজসহ স্থানীয় কৃষক, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করা হয়। এ সময় অনেক কৃষক সরকারের এমন উদ্যোগকে সময়োপযোগী ও কৃষিবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।