উপজেলা প্রতিনিধি, সদর : মাইজদী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়।
বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টা থেকে পরিচালিত এ অভিযানে মসলাসহ বিভিন্ন নিত্যপণ্যের ক্রয়-বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন ও বাজার পরিস্থিতি তদারকি করা হয়। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাজারে মসলা, তেলসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।
অভিযানে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করা, ক্রয়ের ভাউচার সংরক্ষণ না করে মূল্য নির্ধারণ এবং মিথ্যা তথ্য দিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করার অভিযোগে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, মেসার্স সুজন স্টোরকে ৩ হাজার টাকা এবং মেসার্স জাহান স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা এবং এএসআই বোরহান উদ্দীনের নেতৃত্বে সুধারাম থানা পুলিশের একটি দল অংশ নেয়।
এ সময় ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।